
পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ খরচ কমাতে খুলনার দাকোপে একটি ব্লক কারখানার ছাদে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। উপজেলার চালনায় উদ্যোক্তা মো. নাসির উদ্দিন শেখের ‘মেসার্স নাসির কংক্রিট ব্রিকস অ্যান্ড ব্লকস ফ্যাক্টরি’র প্রায় ৯০০ বর্গফুট ছাদজুড়ে বসানো হয়েছে সোলার প্যানেল। ছাদের ওপর সৌরবিদ্যুৎ, আর নিচে চলছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) বাস্তবায়নাধীন SMART প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কারখানার উদ্যোক্তা মো. নাসির উদ্দিন শেখ জানান, ২০২২ সালে ঠিকাদারি কাজ করতে গিয়ে দুটি প্রকল্পে ইউনি ব্লকের প্রয়োজন হয়। কিন্তু বাজারে চাহিদা অনুযায়ী ব্লক না পেয়ে নিজেই উৎপাদনের সিদ্ধান্ত নেন তিনি। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে চীন থেকে মেশিন আমদানি করে কারখানায় উৎপাদন শুরু করেন। প্রথম দিকে বিক্রি কম থাকলেও সময়ের সঙ্গে চাহিদা বাড়তে থাকে। বর্তমানে প্রতি মাসে প্রায় এক থেকে দেড় লাখ পিস ব্লক সরবরাহ করছেন তিনি। সরকারি বিভিন্ন প্রকল্প ও ভবন নির্মাণে ব্লকের ব্যবহার বাড়ায় ব্যবসার পরিধিও সম্প্রসারিত হচ্ছে।
তিনি বলেন, আগে হাতে ব্লক তৈরি করতে অনেক সময় লাগত এবং উৎপাদনও ছিল সীমিত। বর্তমানে আধুনিক মেশিনের সাহায্যে অল্প সময়ে বেশি ব্লক তৈরি করা সম্ভব হচ্ছে। এতে উৎপাদন খরচও কমেছে। কারখানায় সৌরবিদ্যুৎ যুক্ত হওয়ায় বিদ্যুৎ ব্যয় কমিয়ে উৎপাদন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
দাকোপ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এমরান আহমেদ খান বলেন, প্রচলিত ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। নাসির উদ্দিনের কারখানায় উৎপাদিত এসব ব্লক বিভিন্ন নির্মাণকাজে ব্যবহার করা সম্ভব। পাশাপাশি কোডেকের SMART প্রকল্পের মাধ্যমে সোলার প্যানেলসহ বিভিন্ন সহযোগিতা ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিচ্ছে।
কোডেকের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন জানান, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলায় এ প্রকল্পের আওতায় প্রায় ৬০ জন উদ্যোক্তা ব্লক উৎপাদনের সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০টি সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১২ কিলোওয়াট ক্ষমতার সোলার সিস্টেম রয়েছে। এসব সোলার ব্যবহারের ফলে কোনো কোনো উদ্যোক্তা প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ সাশ্রয় করতে পারছেন।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, SMART প্রকল্পের মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের উৎপাদন খরচ কমানো, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে পণ্য উৎপাদনে উৎসাহিত করা। সৌরবিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে অবস্থিত নাসির উদ্দিনের কারখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেক বাগেরহাট অঞ্চলের ফোকাল পারসন সৈয়দ মাহাবুবুর রহমান, কোডেক জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মাহাবুব আলম, SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লোকমান হোসেন, টেকনিক্যাল অফিসার প্রকৌশলী আল আমিনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| কারখানার নাম | মেসার্স নাসির কংক্রিট ব্রিকস অ্যান্ড ব্লকস ফ্যাক্টরি |
| অবস্থান | চালনা, দাকোপ, খুলনা |
| উদ্যোক্তা | মো. নাসির উদ্দিন শেখ |
| সোলার প্যানেলের জায়গা | প্রায় ৯০০ বর্গফুট ছাদজুড়ে |
| মাসিক উৎপাদন | প্রায় ১ থেকে দেড় লাখ পিস ব্লক |
| প্রকল্পের নাম | সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (SMART) |
| প্রকল্পের আওতা | বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলায় প্রায় ৬০ জন ব্লক উদ্যোক্তা |
| সোলার সিস্টেম | প্রায় ১০০টি; সর্বোচ্চ ১২ কিলোওয়াট ক্ষমতার |
| দৈনিক বিদ্যুৎ সাশ্রয় | কোনো কোনো উদ্যোক্তার প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা |