
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর মিরপুর, পল্লবীসহ আশপাশের এলাকায় ‘ফোর স্টার’ গ্রুপসহ পাঁচটি সন্ত্রাসী গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ড ও গ্রেপ্তার নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরা এবং রাজনৈতিক নাশকতামূলক কর্মকাণ্ডে শীর্ষ সন্ত্রাসীদের সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসআরবি-৪ অধিনায়ক বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসের বিভিন্ন তারিখ নিয়ে আসা ঘোষণায় আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন, এ ধরনের ঘোষণা আগেও শোনা গেছে। সময়ের সঙ্গে এমন ঘোষণা আসবে, আবার চলে যাবে। এসব নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
নাশকতা প্রতিরোধে স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, অনেক সাহসী নাগরিক নিজেরাই নাশকতাকারীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ জন্য তিনি স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান এবং এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নাশকতা-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ভাগাভাগি করতে হবে। জনগণ ও সাংবাদিকদের সহযোগিতায় এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
ফোর স্টার গ্রুপের সঙ্গে রাজনৈতিক সহিংসতার কোনো যোগসূত্র আছে কি না, এমন প্রশ্নের জবাবে এসআরবি-৪ অধিনায়ক বলেন, এসব গ্রুপ গত এক-দুই মাসে গড়ে ওঠেনি; অনেক আগে থেকেই তাদের কার্যক্রম ছিল। দীর্ঘদিন ধরে তারা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
তিনি জানান, এসব গ্রুপের কার্যক্রম এখন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যারা নাশকতা করছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।