জেমস আব্দুর রহিম রানা:
উপজেলার মশ্মিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গত ২২ নভেম্বর বিএনপি কর্মী রফিকুল ইসলাম বাদী হয়ে মনিরামপুর থানায় নাশকতার অভিযোগে মামলাটি করেন। মামলায় ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়েছে।
থানা পুলিশ জানায়, উপজেলার পারখাজুরা গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে রফিকুল ইসলাম গত ২২ নভেম্বর রাতে কাঁঠালতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি কাঁঠালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে মিছিল দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেছেন।
রফিকুল ইসলামের দাবি, সেখানে আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী লোহার রড, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করছিলেন। মিছিল থেকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে গালিগালাজ করা হচ্ছিল বলেও তিনি অভিযোগ করেন।
অভিযোগ অনুযায়ী, তিনি এগিয়ে গিয়ে এর প্রতিবাদ করলে মিছিলকারীরা তাঁকেও গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁদের লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। তবে বোমাগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে বিস্ফোরিত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় আইনগতভাবে কার্যক্রম উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, পৌর কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. কামরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, তাঁর ভাই শ্রমিক লীগ নেতা বাবুল করিম বাবলু, আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, সন্দীপ ঘোষ, মনিরুজ্জামান মিল্টন, মুরাদুজ্জামান মুরাদ, সাবেক কাউন্সিলর আদম আলী, সুমন দাস, আইয়ুব পাটোয়ারী, আব্দুল কুদ্দুস ও আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে।
মশ্মিনগর, খেদাপাড়া ও হরিহরনগর এলাকার এসব ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তাঁদের বাইরে অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিহরনগর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইমরান বাবুকে গ্রেফতার করেছে। তিনি রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ সংগঠনের নেতা বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর থেকে মামলার অন্য আসামিরা আত্মগোপনে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।