
ঝিকরগাছায় অবৈধভাবে ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নারিকেল তেল উৎপাদন এবং তারিখবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেমস আব্দুর রহিম রানা
য
শোরের ঝিকরগাছায় অবৈধভাবে ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নারিকেল তেল উৎপাদন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
📍 স্থান: কলেজ রোড ও উপজেলা বাজার, ঝিকরগাছা
🕙 সময়: বুধবার (২৫ নভেম্বর), সকাল ১০টা থেকে দুপুর ১টা
💰 মোট জরিমানা: ৬০ হাজার টাকা
🏢 প্রতিষ্ঠান: মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলস ও ছালাম স্টোর
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিকরগাছা উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কলেজ রোডের মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলস পরিদর্শন করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ সময় প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে প্যারাসুট ব্র্যান্ডের কদম ফুল নারিকেল তেল উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে উপজেলা বাজারের ছালাম স্টোরে অভিযান চালিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামবিহীন বিপুল পরিমাণ শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এসব প্যাকেটজাত শিশুখাদ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এ অপরাধে একই আইনের ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বাজারে মাংসের মূল্যও তদারকি করা হয়। মনিটরিং টিমের উপস্থিতিতে মাংস ব্যবসায়ীরা কেজিপ্রতি ৭৮০ টাকার পরিবর্তে ৭৫০ টাকা নির্ধারণ করে মূল্যতালিকা প্রদর্শন করেন।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় জেলা পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশের সদস্য এবং যশোর জেলা ক্যাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
টাচ প্রোভাইডার