
রাজবাড়ীর পাংশা পৌরসভায় জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের চারটি বসতঘরে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামে ব্যবসায়ী আমিরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আমিরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে। হামলায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আমিরুল ইসলামের মা সুন্দরী বেগমের পৈতৃকসূত্রে পাওয়া প্রায় ১৪ শতাংশ শরিকানা জমি নিয়ে তাঁর মামাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর নানাবাড়ির আত্মীয় মাজেদ শেখ ও তাঁর ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ তাঁদের বাড়িতে হামলা চালায়। ঘটনার সময় আমিরুল ব্যবসার কাজে বাইরে ছিলেন এবং তাঁর স্ত্রী সন্তানকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়িতে কেবল তাঁর বৃদ্ধা মা একা ছিলেন। হামলাকারীরা তাঁর বৃদ্ধা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একটি আধাপাকা ঘরসহ মোট চারটি ঘর ও টয়লেট ভাঙচুর করে। এছাড়া ঘরের ভেতর থেকে তিনটি সোনার চেইন, নগদ ২০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।