
রাজধানী ঢাকার একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল 'পাবজি মোবাইল নেক্সট স্টার চ্যালেঞ্জার স্ট্রিমার ব্যাটেল' টুর্নামেন্ট। 'পাবজি মোবাইল নিনজা কার্নিভাল'-এর অংশ হিসেবে পাবজি মোবাইল বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা যায়, গত ২০ জুলাই অনলাইন ওপেন কোয়ালিফায়ারের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হয়, যেখানে অংশ নেয় মোট ৩২টি দল। পরবর্তী রাউন্ড অব ১৬ এবং রাউন্ড অব ৮-এর খেলাগুলোও অনলাইনে সম্পন্ন হয়।
এরপর ৩০ ও ৩১ জুলাই স্টেজে সরাসরি দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টের সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ই-স্পোর্টসপ্রেমীদের উপস্থিতি ও উন্মাদনায় মুখরিত ছিল পুরো আয়োজন।
টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে 'কিটি বট' (Kitty Bot)-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আরিফ শিকদার। টুর্নামেন্টটির সর্বমোট প্রাইজপুল ছিল ১ লাখ টাকা।
আয়োজকরা জানিয়েছেন, এটি একটি ঘরোয়া পর্যায়ের (Domestic) প্রতিযোগিতা ছিল এবং এটি আন্তর্জাতিক কোনো সার্কিটের অংশ ছিল না।