
নিজের শোবার ঘরে বসে কোর্সেট (Corset) পরা নিয়ে বোনকে ডেকে আকুতি জানাচ্ছিলেন ২৯ বছর বয়সী জাইনাব জিউয়া। সেই মুহূর্তে তিনি ধারণ করছিলেন একটি "গেট-রেডি- উইথ-মি" টিকটক ভিডিও। বাবা-মায়ের সাথে বসবাস করা সাধারণ যে কোনো তরুণ-তরুণীর জীবনের মতোই খুব চেনা দৃশ্য এটি। কিন্তু ঘটনা সাধারণ হলেও স্থানটি সাধারণ ছিল না; জাইনাব তখন প্রস্তুতি নিচ্ছিলেন চলতি গ্রীষ্মের অন্যতম বড় ব্লকবাস্টার সিনেমা ‘দ্য ওডিসি’-র লন্ডন প্রিমিয়ারে যাওয়ার জন্য।
এই প্রিমিয়ারেই ঘটে এক রূপকথার মতো ঘটনা। সোনালি রঙের এক বিশেষ পোশাক ও হুড পরে সেখানে হাজির হওয়া জাইনাবকে দেখে থমকে যান হলিউডের মেগাস্টার জেনডায়া (Zendaya)। জাইনাব বলেন, "তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন এবং আমাকে দেখার সাথে সাথে তাঁর হা হয়ে যাওয়ার উপক্রম হলো! আমারও একই অবস্থা। আমরা দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। এরপর তিনি বললেন, ‘ওহ মাই গড, অসাধারণ!’ এবং হাসতে হাসতে চলে গেলেন।"
জেনডায়ার সাথে জাইনাবের এই ক্ষণিকের নজরকাড়া ইন্টারঅ্যাকশনের ভিডিওটি টিকটকে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং এর ভিউ ছাড়িয়ে যায় ১৯ মিলিয়নে।
হলিউডের সাথে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরের টেক্কা হলিউডের লাল গালিচায় তারকারা যখন সিনেমার থিমের সাথে মিলিয়ে পোশাক পরে (Method Dressing) আলোচনায় থাকেন, ঠিক তখনই জাইনাব জিউয়ার মতো একজন স্বাধীন ডিজিটাল ক্রিয়েটর প্রমাণ করছেন যে তারা হলিউডের মেগাস্টারদেরও টেক্কা দিতে পারেন।
মুসলিম ধর্মাবলম্বী জাইনাব প্রিমিয়ারগুলোতে হিজাব পরা একমাত্র ব্যক্তি হলেও, শালীন পোশাক (Modest wear) আর ফ্যাশনের সঠিক সমন্বয় ঘটানোকে তিনি নিজের আনন্দের জায়গা বানিয়ে নিয়েছেন। জাইনাবের মতে, "শরীর ঢাকা থাকলেও কীভাবে সিনেমার থিমের সাথে মানিয়ে পোশাক পরতে হয়, তা ফুটিয়ে তোলা সম্ভব।"
হবি থেকে পেশা: এক অবিশ্বাস্য যাত্রা ছোটবেলা থেকেই ফ্যাশন ও চলচ্চিত্রের প্রতি জাইনাবের ছিল গভীর অনুরাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রিয় সিনেমা এবং সেগুলোর দ্বারা অনুপ্রাণিত পোশাক নিয়ে ফান ভিডিও বানাতেন তিনি। ধীরে ধীরে ডিজনিসহ বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর কাজ লক্ষ্য করে এবং 'মুন নাইট' সিরিজের প্রমোশনে তারকাদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ করে দেয়। জাইনাব হেসে মনে করেন, "প্রথম যখন ইমেইল পাই, ভেবেছিলাম কোনো প্রতারক চক্র! ইন্টারভিউটা এখন দেখলে আমার নিজেরই লজ্জা লাগে।"
তবে সেই শুরু! এখন জাইনাব একজন সফল ফুল-টাইম ডিজিটাল প্রেজেন্টার। ডেনজেল ওয়াশিংটন, পল মেসকল, টম হিডেলস্টন ও জেনডায়ার মতো এ-লিস্ট হলিউড তারকাদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র প্রিমিয়ারে মাকড়সার জালের মতো মেহেদি ডিজাইন কিংবা ‘গ্ল্যাডিয়েটর ২’-এর জন্য সোনালি বর্ম পরা পোশাক—তাঁর প্রতিটি লুকই তারকাদের সাথে আড্ডা জমানোর 'আইসব্রেকার' হিসেবে কাজ করেছে।
শালীনতার সাথে ফ্যাশনের মিশ্রণ নিয়ে তিনি মজার ছলে বলেন, "যেকোনো ওয়েস্টার্ন বা বোল্ড পোশাক দেখলে আমি ভাবি— ‘এটিকে কীভাবে হালালাইফাই (Halalify) করা যায়?’ আমি এই কাজটা খুব উপভোগ করি কারণ এটি প্রমাণ করে যে ফ্যাশনে কোনো বাধা নেই।"
জমকালো রেড কার্পেট বনাম সাধারণ ঘরের জীবন ক্যামেরার সামনে আর রেড কার্পেটে তারকাদের সাথে দারুণ সময় কাটালেও জাইনাবের বাস্তব জীবন আর দশটা সাধারণ মানুষের মতোই। উত্তর-পশ্চিম লন্ডনের হ্যারোতে পরিবারের সাথেই থাকেন তিনি। জাইনাব বলেন, "আমার ঘর সবসময়ই অগোছালো ও বিশৃঙ্খল থাকে! জামাকাপড় রাখার জায়গা খুঁজে পাওয়া যায় না, সব এক জায়গায় ঠেসে রাখা হয়।"
রেড কার্পেটের চোখধাঁধানো আলোকচ্ছটা শেষে বাড়িতে ফিরে সেই চেনা সাধারণ জীবনে ফিরে যাওয়াতেই পরম তৃপ্তি খুঁজে পান উদীয়মান এই ফ্যাশন ও ফিল্ম ক্রিয়েটর।