
ফুটবল বিশ্বের অন্যতম সেরা ও ভয়ঙ্কর আক্রমণভাগ 'এমএসএন' (MSN) ত্রয়ী আবারও এক হতে যাচ্ছে। বার্সেলোনার সেই সোনালী দিনগুলোর স্মৃতি ফিরিয়ে আনতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পর এবার ডেভিড বেকহ্যামের দল ইন্টার মিয়ামিতে (Inter Miami) যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (MLS) পেতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে তারকাখচিত আক্রমণভাগ।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় এক ত্রাস সৃষ্টি করেছিল মেসি, সুয়ারেজ এবং নেইমারের আক্রমণভাগ। ইউরোপিয়ান ফুটবলে তারা একসঙ্গে ৩৬৪টি গোল করেছিলেন এবং ট্রেবলসহ অসংখ্য শিরোপা জিতেছিলেন। এরপর নেইমার পিএসজিতে পাড়ি জমালে এই ত্রয়ী ভেঙে যায়। দীর্ঘ সময় পর ইন্টার মিয়ামি যেন সেই পুরোনো বার্সেলোনাকেই নতুন করে সাজাচ্ছে যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যেই মেসি ও সুয়ারেজ সেখানে দারুণ ছন্দে রয়েছেন, এবার নেইমার যুক্ত হলে মিয়ামির আক্রমণভাগ কতটা ভয়ংকর হবে, তা ভেবেই শিহরিত ফুটবল বিশ্ব।
মঙ্গলবার (১১ আগস্ট) বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে মিয়ামির জার্সিতে তিন তারকার ছবি সম্বলিত নিউজ কার্ড ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। দীর্ঘদিন ইনজুরিতে ভোগা নেইমার তার পুরোনো বন্ধুদের সাথে আবারও মাঠে নামার সুযোগ পেলে নিজের চেনা ছন্দে ফিরতে পারবেন বলে আশা করছেন ক্রীড়া বিশ্লেষকরা।