নিউজ প্রোভাইডার
সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলে বিশৃঙ্খলা দূর করতে এবং এতে গতিশীলতা আনতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর পাশাপাশি এসব যানবাহনের নিবন্ধন ও লাইসেন্সিং কার্যক্রম একটি একক ও সমন্বিত কর্তৃপক্ষের অধীনে নিয়ে আসার লক্ষ্যে বিদ্যমান বিধিমালা সংশোধনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা বিষয়ক এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় এসব সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় উপস্থিত সরকারের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা নগর ব্যবস্থাপনা, সড়কের যানবাহন চলাচলের শৃঙ্খলা এবং সার্বিক সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ই-রিকশার বর্তমান বাস্তবতা পর্যালোচনা করেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর বক্তব্যে বলেন, "স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। নিয়মভিত্তিক নিবন্ধনের আওতায় নিয়ে আসতে পারলে সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।"
তিনি আরও জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণে প্রচলিত বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
উল্লেখ্য, সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার নিবন্ধন ও চালকদের বৈধ লাইসেন্স প্রদানের আইনি পথ সুগম করতে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এ ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা ও তফসিল সংশোধন করা হয়েছে। এর আগে গত ২০২৫ সালের ডিসেম্বরে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তিগত সড়ক নিরাপত্তার বিষয়ে বিশেষজ্ঞ প্রস্তাব উপস্থাপন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।