
চীনের মধ্যাঞ্চলীয় কিংহাই (চিংহাই) প্রদেশে ৫.৯ মাত্রার একটি অগভীর ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোরে এ ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দুনহুয়াং শহর থেকে ২৬৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাড়ি ও জনবিরল এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) ভূমিকম্পটির মাত্রা ৫.৬ হিসেবে রেকর্ড করেছে। অর্থাৎ মার্কিন ও চীনা ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার হিসাবে কম্পনের মাত্রায় কিছুটা পার্থক্য রয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দুর্গম ও পাহাড়ি এলাকায় হওয়ায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও সময় লাগতে পারে।