
ফ্রান্সের একটি জাদুঘর থেকে বিশ্বখ্যাত চিত্রশিল্পী পিয়েরে-ওগ্যুস্ত রেনোয়ারের (Pierre-Auguste Renoir) চারটি দুর্লভ শিল্পকর্ম চুরি হওয়ার পর পালানোর সময় দুটি ছবি বাগানেই ফেলে রেখে গেছে চোরেরা। স্থানীয় মেয়রের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রাথমিকভাবে কর্তৃপক্ষ ধারণা করেছিল চোরেরা শুধু একটি ছবি ফেলে গেছে। তবে পরে নিশ্চিত হওয়া গেছে যে বাগানে দুটি ছবি ফেলে রেখে যাওয়া হয়েছে।
ফ্রান্সের ফরাসি রিভিয়েরা অঞ্চলের 'মুজে রেনোয়া' (Musée Renoir) জাদুঘরে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ০৫:৪৮ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৪:৪৮) জাদুঘরের অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম বাজার মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও চোরদের ধরা সম্ভব হয়নি।
ফরাসি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুরি হওয়া চারচিত্রকর্মের তালিকায় রয়েছে:
পোট্রেট অফ মাদাম পিশোঁ (১৮৯৫)
পোট্রেট অফ মাদাম কলোনা রোমানো (১৯১০)
কোকো লিসাঁ (১৯০৫)
জুনে ফিল ও প্যুয়ে (১৮৮৬)
তবে এর মধ্যে ঠিক কোন দুটি চিত্রকর্ম বাগানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, তা এখনো স্পষ্ট নয়।
মেয়র কার্যালয় থেকে জানানো হয়েছে, চুরি হওয়া শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো (যা বাংলাদেশি টাকায় প্রায় ১১৫ কোটি টাকার সমপরিমাণ)।
গত বছর প্যারিসের বিখ্যাত লুভ্র (Louvre) জাদুঘরে বহু মিলিয়ন ইউরো মূল্যের শিল্পকর্ম চুরির পর এবার ফ্রান্সের এই জাদুঘরে বড় ধরনের চুরির ঘটনা ঘটলো। পলাতক চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ।