
পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার মাধ্যমে সবাইকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং সরাসরি সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দেওয়ার অংশ হিসেবে সানিডেলের ১২৪ শিক্ষার্থী সংসদে আসে। তাদের সঙ্গে ছিলেন ১৪ জন শিক্ষক।
সংসদ অধিবেশন চলাকালে আসরের নামাজের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের পড়াশোনা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় শিক্ষার্থীদের করণীয় নিয়েও কথা বলেন।
পরিবেশ রক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশকে সবুজ ও সুন্দর করতে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষার্থীদেরও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আত্মীয়-স্বজনের বাড়ির আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। জন্মদিন বা অন্য কোনো বিশেষ উপলক্ষে একে অপরকে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তোলারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ দেন। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার পাশাপাশি বন্ধু, স্বজন বা পরিচিত কেউ রাস্তায় ময়লা ফেললে তাদেরও তা থেকে বিরত রাখার আহ্বান জানান।
লন্ডনে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেখানকার নাগরিকরাই নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখেন। নিজেদের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে পুরো দেশকে পরিচ্ছন্ন রাখা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। বাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ছোট ছোট এমন কিছু ভালো কাজ করতে হবে, যা সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ দেশ গড়তে শিক্ষার্থীদেরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সানিডেলের শিক্ষার্থীরা। পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার পাশাপাশি দেশের ইতিবাচক পরিবর্তনে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।