
গাজায় বেসামরিক নাগরিকদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে চালানো হামলাকে কেন্দ্র করে তৈরি একটি ইসরায়েলি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর ভেনিস চলচ্চিত্র উৎসবে নজিরবিহীন সাড়া পড়েছে। ‘নাজা’ (NAZA) শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি শেষ হওয়ার পর দর্শকরা টানা ২৫ মিনিট ধরে দাঁড়িয়ে তালি দেন।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটিই এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রের ক্ষেত্রে দীর্ঘতম হাততালির রেকর্ড বলে মনে করা হচ্ছে।
অস্কারজয়ী দুই ইসরায়েলি সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা জুভাল অ্যাব্রাহাম এবং রেচেল জোর এই প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন। গত বৃহস্পতিবার উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সামরিক গোয়েন্দাদের জবানবন্দি ৮০ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ জন তথ্য প্রকাশকারীর (হুইসেলব্লোয়ার) প্রত্যক্ষ সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় ও কণ্ঠস্বর ডিজিটাল পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে।
প্রামাণ্যচিত্রটিতে ‘ল্যাভেন্ডার’ নামে একটি এআই সিস্টেমের বিশদ বিবরণ উঠে এসেছে। গাজায় নজরদারির মাধ্যমে সংগ্রহ করা বিশাল তথ্য বিশ্লেষণ করে হত্যার সম্ভাব্য লক্ষ্যবস্তু বা টার্গেট নির্ধারণে এই সিস্টেমটি ব্যবহার করা হতো।
একজন সাক্ষাৎকারদাতা সেটিকে একটি ‘হত্যার কারখানা’ বা প্রাণঘাতী ‘ভিডিও গেম’-এর সঙ্গে তুলনা করেছেন। গাজায় একেকটি বিমান হামলায় কতজন বেসামরিক নাগরিক নিহত হতে পারেন, তা বোঝাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় ব্যবহৃত একটি সাংকেতিক শব্দ থেকে সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘নাজা’।
চলচ্চিত্র নির্মাতা জুভাল অ্যাব্রাহাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, "আমাদের উদ্দেশ্য ছিল অত্যন্ত স্পষ্ট— গাজায় ব্যবহৃত এই হত্যার পদ্ধতিগুলো কীভাবে পরিচালিত হতো, তা সংশ্লিষ্ট সেনা ও কর্মকর্তাদের মুখ থেকেই বিস্তারিতভাবে শোনা।"
দর্শকদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র সাময়িকী ‘স্ক্রিন’ একে "জরুরি ও চরম ধাক্কা দেওয়ার মতো" একটি চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে ‘দ্য হলিউড রিপোর্টার’ লিখেছে, চলচ্চিত্রটি দেখে ইসরায়েল সরকারের বর্তমান কর্মকাণ্ডের প্রতি গভীর ক্ষোভ ও ঘৃণা তৈরি হয়।
তীব্র প্রতিক্রিয়া ও পটভূমি নির্মাতা জুভাল অ্যাব্রাহাম এবং রেচেল জোর এর আগে ২০২৫ সালে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ‘নো আদার ল্যান্ড’ শিরোনামের একটি যৌথ প্রামাণ্যচিত্র বানিয়ে অস্কার জিতেছিলেন।
তাদের নতুন এই প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন যুক্তরাজ্যের জিম উইলসন ও জোনাথন গ্লেজার— যারা অস্কারজয়ী সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’-এর সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ এই নির্মাণে সহায়তায় ছিল।
ইসরায়েলের ভেতরে যুদ্ধ নীতি নিয়ে সমালোচনা কম হলেও নির্মাতারা আশা করছেন, এই প্রামাণ্যচিত্রটি দেখার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে এগিয়ে আসবে।
তবে ইসরায়েল শুরু থেকেই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হামাস বেসামরিক জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় এই সেনা অভিযান শুরু হয়। ইসরায়েলি তথ্যের ভিত্তিতে তৈরি পরিসংখ্যান অনুযায়ী, ৭ অক্টোবরের হামলায় অন্তত ১,২১৯ জন নিহত হন। অপরদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৩,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের একটি বড় অংশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ গাজার এই হতাহতের পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।
এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া একমাত্র প্রামাণ্যচিত্র ‘নাজা’। আগামী শনিবার উৎসবের চূড়ান্ত পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে।