![]()
রাজনীতি
১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে নতুন কার্যকর ও দ্বিপাক্ষিক সম্পর্ক চায় ঢাকা: হুমায়ুন কবির
ডব্লিউএইচও-তে সায়মা ওয়াজেদের নিয়োগ প্রক্রিয়া সঠিক ছিল না, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক, TouchBangladesh
ছবি: সংগৃহীত (ফাইল ছবি)
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বহুপাক্ষিক নয়, বরং দ্বিপাক্ষিক বৈঠকেই বাংলাদেশের বেশি আগ্রহ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দিল্লির সঙ্গে ঢাকা একটি নতুন এবং কার্যকর সম্পর্ক তৈরি করতে চায়।
রোববার দুপুরে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
চুক্তি পর্যালোচনা ও সীমান্ত হত্যা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অতীতে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো বর্তমানে সংসদীয় কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত্যা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান রয়েছে।
পাচার হওয়া অর্থ ফেরত আনা
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, অর্থ ফেরাতে ব্রিটেনসহ আরও কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।
সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও পদ ইস্যু
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধানের পদ থেকে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ওই পদে সায়মা ওয়াজেদের নিয়োগ প্রক্রিয়াই সঠিক ছিল না। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নিয়োগের ক্ষেত্রে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দিচ্ছে ঢাকা।
