আসন্ন এশিয়ান গেমস শেষেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তবে ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইমেইলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। জ্যোতির ইমেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
তিনি বলেন, আমরা আজ তার মেইল পেয়েছি। কিছুটা হতাশ কারণ টুর্নামেন্ট সামনে এরমধ্যে এমন সিদ্ধান্ত। দেশে ফিরলে আবার কথা বলব।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স আশানুরূপ নয়। আইসিসির কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশা পূরণ করতে না পারার চাপের পাশাপাশি ব্যক্তিগত ফর্মও ভালো যাচ্ছে না জ্যোতির। সব মিলিয়ে নেতৃত্বের দায়িত্ব থেকে কিছুটা সরে গিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন জ্যোতি। তবে তার সিদ্ধান্ত এখনো চূড়ান্তভাবে গ্রহণ করেনি বিসিবি। নারী দল দেশে ফেরার পর অধিনায়কের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড।