
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে আর্থিক অপরাধ শনাক্ত, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে পরিবেশকদের নিয়ে মানিলন্ডারিং প্রতিরোধবিষয়ক (এএমএল) কর্মশালা করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।
মঙ্গলবার ঢাকার একটি হোটেলে নগদের ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের পরিবেশকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মশালায় মানিলন্ডারিং প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র, পরিবেশকদের সচেতনতা বাড়ানোর উপায়, সন্দেহজনক লেনদেন রিপোর্টিং এবং প্রতারণা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া অনলাইন জুয়া প্রতিরোধ, মানিলন্ডারিং ও সাইবার সিকিউরিটি-সংক্রান্ত আইনগুলোর বিভিন্ন ধারা-উপধারা নিয়ে আলোচনা করা হয়। এসব আইনের আওতায় অপরাধ সংঘটিত হলে সম্ভাব্য শাস্তি এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়েও পরিবেশকদের অবহিত করা হয়।
কর্মশালায় নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “আমরা আমাদের সর্বশক্তি দিয়ে যেকোনো আর্থিক অপরাধ প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি এবং প্রায় সব ক্ষেত্রেই আমরা সাফল্য পেয়েছি।”
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান আজাদ বলেন, “যেকোনো জুয়া প্রতিরোধের বিষয়ে সরকার খুবই আন্তরিকভাবে কাজ করছে। গত জুলাইয়ে জুয়া প্রতিরোধে আইন পাস হয়েছে, যা অত্যন্ত কার্যকরী এবং সময়োপযোগী।”
কর্মশালায় নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূঁইয়া, চিফ স্ট্রাটেজিক রিলেশন্স অ্যান্ড এলইএ অপারেশন্স অফিসার এম মাহবুব আলমসহ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।