
ময়মনসিংহের মুক্তাগাছায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পৌর শাখার সভাপতি মোহাম্মদ রুসদি হাসান রিফাতকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার লেংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিফাত উপজেলার ভট্টবাড়ি গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয়ভাবে নিষিদ্ধ সংগঠনটিকে সংগঠিত করা এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চালিয়ে আসছিলেন রিফাত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, "সংগঠনটি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রিফাত বিভিন্ন সময় অপতৎপরতা চালানোর চেষ্টা করছিলেন। তাকে গ্রেফতারের পর শনিবার আদালতে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।"