
বাংলাদেশের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদের গত ছয় মাসের কর্মকাণ্ড এবং তাঁর ছেলের ব্যবসায় জড়ানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
https://www.facebook.com/share/p/19eq3isAfg/
শনিবার বিকেলে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সালাহউদ্দিন আহমেদের দায়িত্ব পালনের সময়কাল নিয়ে একহাত নেন। তবে এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হাসনাত আবদুল্লাহ তাঁর পোস্টে সালাহউদ্দিন আহমেদের গত ছয় মাসের চারটিকে তথাকথিত ‘উল্লেখযোগ্য সাফল্য’ হিসেবে চিহ্নিত করেন। এর মধ্যে রয়েছে— সালাহউদ্দিন আহমেদের ছেলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়া, প্রায় ৬০০ কোটি টাকার কমিশনের একটি জাপানি কোম্পানির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ পাওয়া এবং সচিবদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি করা।
এ ছাড়া বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনার কাজ পেতে স্থানীয় এজেন্ট হিসেবে দৌড়ঝাঁপ করা এবং ওই মন্ত্রীর ছেলের 'শিক্ষকতা থেকে হঠাৎ ব্যবসায়ী হয়ে ওঠা'র প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
পোস্টের শেষ অংশে কড়া মন্তব্য করে হাসনাত লেখেন, “সব মিলিয়ে, গত ছয় মাসে রাষ্ট্রের আইনশৃঙ্খলার কতটা উন্নতি হয়েছে জানি না, তবে উনার পকেটের উন্নতির গতিটা বেশ লক্ষণীয়।“
সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্টটি দেওয়ার পর থেকেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ এতে প্রতিক্রিয়া জানান এবং শেয়ার করেন।
তবে হাসনাত আবদুল্লাহর তোলা এসব সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বা তাঁর দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দায়িত্ব নেওয়ার পর থেকে গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য ও দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে।