
বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় জাতীয় দল এবং ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ বা বিশ্ব একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি।
শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে জানানো হয়, আগামী ২০২৮ সালে বোর্ডের শতবর্ষ পূর্তি হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মাইলফলক স্মরণে ২০২৭ সালের ডিসেম্বর থেকেই বছরব্যাপী উদযাপনের প্রক্রিয়া শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সাধারণ পরিষদ।
‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো উদযাপন কার্যক্রম তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সভায় যেসব প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো ভারত একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার একটি হাই-ভোল্টেজ ক্রিকেট ম্যাচ।
তবে বিসিসিআই সূত্র জানায়, এই বিষয়টি নিয়ে আলোচনা এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং শতবর্ষ উদযাপনের মূল রূপরেখা এখনো চূড়ান্ত করা হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে ‘আইসিসি বিশ্ব একাদশ’ দল গঠনের ইতিহাস নতুন নয়। এখন পর্যন্ত বিশ্ব একাদশ মোট নয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।
২০০৫ সালের জানুয়ারি: এশিয়া একাদশের বিপক্ষে একটি বিশেষ ওয়ানডে ম্যাচে অংশ নেয় বিশ্ব একাদশ।
২০০৫ সালের অক্টোবর: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচে মাঠে নামে তারা।
২০১৭ সালের সেপ্টেম্বর: পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রয়াসে লাহোরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে।
২০১৮ সালের মে: লন্ডনের লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ একটি দাতব্য টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বিশ্ব একাদশ।
যদিও এর আগে বিভিন্ন দেশের বিরুদ্ধে বিশ্ব একাদশের খেলার অভিজ্ঞতা রয়েছে, তবে ভারতীয় জাতীয় দল এখন পর্যন্ত কখনোই অফিশিয়ালি আইসিসি বিশ্ব একাদশের মুখোমুখি হয়নি। ফলে ২০২৮ সালের এই প্রস্তাবিত ম্যাচটি সত্যি হলে তা আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাসের জন্ম দেবে।