
ভারতের মুম্বাইয়ে গভীর রাতে একটি দ্রুতগতির বিএমডব্লিউ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় একই পরিবারের ও বন্ধুদের দলের অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের নতুন চালু হওয়া কোস্টাল রোডে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিলাসবহুল গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে কোস্টাল রোড পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি তীব্র গতিতে সড়কের সীমানাপ্রাচীর ও একটি বড় সাইনবোর্ডে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে গাড়িটি সেতু থেকে ছিটকে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি থেকে চার আরোহীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— ২১ বছর বয়সী শানায় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।
অন্যদিকে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়াল গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের প্রকাশিত ছবিতে দেখা যায়, দুর্ঘটনার তীব্রতায় বিএমডব্লিউ গাড়িটির ছাদ চ্যাপ্টা হয়ে ভেতরের দিকে ঢুকে গেছে, বোনেট ও সামনের অংশ সম্পূর্ণ বিনষ্ট হয়েছে এবং উইন্ডশিল্ড পুরোপুরি ভেঙে গুঁড়ো হয়ে গেছে।
অতিরিক্ত গতি নাকি যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।