
সচেতন রাজনৈতিক ফোরামের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুব ইউনিয়ন কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন রাজনৈতিক ফোরামের প্রধান সমন্বয়ক শাহ মো. সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জোনায়েদ রায়হান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সচেতন রাজনৈতিক ফোরামের সমন্বয়ক শেখ আবদুল মান্নান, বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব, উদীচী কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, অধ্যাপক এনামুল হক, চারণ সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যাপক রতন ভৌমিক প্রণয়, উদীচী’র সহ-সভাপতি রত্না সাহা, স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন প্রশিক্ষণ সংস্থা ও বিকশিত নারী নেটওয়ার্ক কুমিল্লার সভাপতি নারী নেত্রী শাহানা হক এবং আতাউর রহমান।
বক্তারা বলেন, বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। মাত্র ৪২ বছরের সুস্থ জীবনে তিনি বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার সৃষ্টি বিদ্রোহী কবিতা, শ্যামা সংগীত, নাটক, গল্প, গান ও গীতিআলেখ্য বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
তারা আরও বলেন, কুমিল্লার সঙ্গে কবি নজরুলের স্মৃতিবিজড়িত নানা ঘটনা জড়িয়ে রয়েছে। কবির প্রেম, অবস্থান ও গ্রেফতারের স্মৃতিগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সংশ্লিষ্ট স্মৃতিস্তম্ভ সংরক্ষণ করা সময়ের দাবি।
আলোচনা সভা শেষে কবিকে স্মরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক সংসদের শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন। এছাড়া নজরুল স্মরণে চমৎকার আবৃত্তি পরিবেশন করেন রুবেল কুদ্দুস।