
জাপানের রাজধানী টোকিওসহ আশপাশের অঞ্চলে শক্তিশালী টাইফুন 'দুজুয়ান'-এর আঘাতে পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠেছে। ঝড় ও ভারী বৃষ্টির কারণে বন্যা ও ব্যাপক ভূমিধসের চরম ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে সে দেশের আবহাওয়া দপ্তর।
সোমবার জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, টাইফুনটি সরাসরি টোকিও মহানগরীর ওপর দিয়ে অথবা তার খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে। ফলে আগামী কয়েক ঘণ্টায় রাজধানীসহ আশপাশের এলাকার আবহাওয়া আরও বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।
টাইফুনের প্রভাবে ইতিমধ্যেই জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল, কান্ত অঞ্চল ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
উপকূলীয় চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জসহ বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত শনিবার থেকে কোনো কোনো অঞ্চলে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, কান্ত ও মধ্য জাপানের কিছু এলাকায় 'লিনিয়ার রেইন ব্যান্ড' তৈরি হলে অল্প সময়ের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি ঢল ও ভূমিধসের তীব্র ঝুঁকি তৈরি হবে।
টাইফুনের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। মধ্য জাপানে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহণ (Horsemanship) প্রতিযোগিতা মঙ্গলবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। খেলোয়াড় ও ঘোড়াগুলোর সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় অধিবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।