
জাতিসংঘের ৮০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় জাতিসংঘ সদরদপ্তরে এই নৈশভোজ ও প্রাতরাশের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ সময় উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশের সরকারপ্রধানের আনুষ্ঠানিক ও ব্যস্ত সফরসূচি শুরু হলো।
প্রাতরাশের আনুষ্ঠানিকতা শুরু হলে বিশ্বনেতারা নিজ নিজ সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মঞ্চে উঠে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন ও যৌথ আলোকচিত্রে অংশ নেন।
প্রাতরাশ অনুষ্ঠান শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে আয়োজিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে এটিই হবে তার প্রথম ভাষণ। প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য উপস্থাপন করবেন বলে জানানো হয়েছে।
জাতিসংঘের এই সফরকালে অধিবেশন ও বিভিন্ন উচ্চপর্যায়ের আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।