
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯, খুলনা বিভাগে ২৮০, ময়মনসিংহ বিভাগে ১১৩, রাজশাহী বিভাগে ১৫৬, রংপুর বিভাগে ৫৯ এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।