
পাকিস্তানের জনপ্রিয় সংগীত দল ‘কাভিশ’-কে ঢাকার মঞ্চে গাইতে দেখার জন্য বাংলাদেশের শ্রোতাদের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আগামী ২৬শে সেপ্টেম্বর ঢাকায় তাদের পারফর্ম করার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, প্রয়োজনীয় সব প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা শেষ করার পরও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত তারিখে এই আয়োজন করা সম্ভব হচ্ছে না।
চলতি মাসের ২৬শে সেপ্টেম্বর ঢাকার একটি ভেন্যুতে ‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টটি হওয়ার কথা ছিল। একই মঞ্চে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’-এরও গান পরিবেশন করার কথা ছিল। তবে কনসার্টের মাত্র দুই দিন আগে সরকারি সিদ্ধান্তের কারণে তা স্থগিত করতে হয়।
এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছে, "সব ধরনের পূর্বপ্রস্তুতি ও অনুমতি থাকা সত্ত্বেও আমাদের নিয়ন্ত্রণের বাইরের কিছু অনিবার্য কারণে সরকারি কর্তৃপক্ষ কনসার্টটি না করার নির্দেশ দিয়েছে।"
অনাকাঙ্ক্ষিত এই স্থগিতাদেশের কারণে দর্শক ও সংগীতাঙ্গনের শ্রোতাদের সাময়িক অসুবিধার জন্য আয়োজক প্রতিষ্ঠান দুঃখ প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি আরও নিশ্চিত করেছে যে, কনসার্টটি পুরোপুরি বাতিল করা হয়নি। সরকারি অনুমোদন পাওয়া মাত্রই সুবিধাজনক সময়ে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি, যেসব দর্শক ইতিমধ্যে টিকিট কিনে ফেলেছেন, তাদের টিকিটটি নতুন তারিখের কনসার্টেও কার্যকর থাকবে।
উল্লেখ্য, ১০ মাস আগেও একই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দলটির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছিল। ফলে দীর্ঘ অপেক্ষার পর নতুন তারিখ ঘিরে যে তৈরি হওয়া উন্মাদনা তৈরি হয়েছিল, তাতে আবারও ভাটা পড়ল।