
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ৪১ জনের প্রাণহানি ঘটেছে। তানজানিয়া থেকে কঙ্গোর দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এপির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে প্রায় ১০০ যাত্রী ও পণ্য নিয়ে নৌকাটি ডিআরসির কালেমি শহরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে মাপেরা গ্রামের কাছাকাছি পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
উদ্ধার হওয়া এক যাত্রী অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত রেডিও ওকাপিকে জানান, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাত্রীরা দেখেন নৌকাটি একপাশে কাত হয়ে গেছে।
দুর্বল অবকাঠামো এবং নদীপথে যাতায়াতের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে ডিআর কঙ্গোয় প্রায়ই এ ধরনের নৌদুর্ঘটনা ঘটে। দেশটির নৌযানগুলোর অধিকাংশই অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করে এবং সেগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেটের মতো নিরাপত্তা সরঞ্জাম থাকে না।
এর আগে গত আগস্টের শেষ দিকে একই রুটে জ্বালানি বাহী একটি নৌযানে আগুন ও বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত এবং একজন নিখোঁজ হন। এছাড়া গত জুলাই মাসে দেশটির মধ্যাঞ্চলে শিক্ষার্থীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।