
দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪টি শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮০ শিশু। এ সময়ে নতুন করে ৯০৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৭৬৯ শিশু।
গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯৯।
এ ছাড়া একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ১৫৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে সংক্রমণ ও মৃত্যুর এই চিত্রে দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।