কিশোরগঞ্জের ভৈরব বাজারে অবস্থিত ‘জে আই ইমপেক্স লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩৫ কোটি টাকার মূসক (ভ্যাট) ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) সূত্রে জানা যায়, কমিশনারের নির্দেশ এবং যুগ্ম কমিশনারের নেতৃত্বে সদর দপ্তর ও নরসিংদী ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রিভেন্টিভ দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব বাজারের ৩৫৪ ওয়েস্ট ঠিকানার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত বিভিন্ন নথি ও ডিজিটাল আলামত জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে— ১২টি ক্লিপ ফাইল, ৫ বান্ডেলে ৯৮টি বাণিজ্যিক দলিলাদি, ২২টি প্লাস্টিক ফোল্ডার, ১টি সিপিইউ, ৪টি টালি খাতা, ৪টি রেজিস্টার, ১ বান্ডেল ট্রাক রেন্ট ডকুমেন্টস, ২টি মেমো ফাইল, ১০ বান্ডেল ট্রাক ড্রাইভার খরচের বিবরণী এবং কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত কম্পিউটার প্রিন্টেড বিক্রয় দলিলাদি।
পরবর্তীতে জব্দ করা এসব দলিলাদি গভীরভাবে পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩-২৬ অর্থবছর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মাসভিত্তিক পণ্য সরবরাহের ৭২টি ফোল্ডার, নথি, কাঁচা চালান ও বিক্রয়ের তথ্য রয়েছে।
এসব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে মোট ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকার পণ্য বিক্রির তথ্য পাওয়া যায়। এর বিপরীতে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক ফাঁকি শনাক্ত করা হয়।
এনবিআর জানায়, বিশাল অংকের এই রাজস্ব ফাঁকির ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূসক ফাঁকি মামলা দায়েরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।