
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বিশালাকৃতির কাতলা মাছ। পরে সেটি অনলাইনের মাধ্যমে ৫৭ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।
রোববার বিকেলে পদ্মা নদীর মানিকগঞ্জ অংশের হরিরামপুর এলাকায় মাছটি ধরেন স্থানীয় জেলে ঠান্ডু হালদার।
পরে তিনি মাছটি বিক্রির জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসেন। সেখানে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান কেজিপ্রতি ২,৫০০ টাকা দরে মোট ৫৫ হাজার টাকায় কাতলাটি কিনে নেন।
ব্যবsayী শাহজাহান জানান, মাছটি কেনার পর তিনি এর ছবি ও ভিডিও নিজের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করেন। তা দেখে কুমিল্লা জেলার অধিবাসী এক পর্তুগাল প্রবাসী মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেন।
পরবর্তীতে কেজিপ্রতি ২,৬০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২০০ টাকায় মাছটি ওই প্রবাসীর কাছে বিক্রি করা হয়। ব্যবসায়ী নিজেই বিশেষ পরিবহনের মাধ্যমে মাছটি প্রবাসীর কুমিল্লার ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ীদের মতে, পদ্মা নদীর মিঠা পানির বড় সাইজের মাছের স্বাদ ও চাহিদা দুটোই বেশি থাকায় এগুলোর দাম বেশ চড়া হয়। অনলাইনে ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সাধারণত এ ধরনের বড় মাছ বিক্রি হয়ে যায়।