
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাসুদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছর জেলাটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।
মৃত মাসুদা বেগম ফরিদপুর শহরের আলিপুর এলাকার বাসিন্দা ছিলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ফরিদপুরের হাসপাতালগুলোতে মোট ১০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, চলতি বছর এ পর্যন্ত জেলায় প্রায় ৭০০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের পর থেকে স্থানীয় হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়তে শুরু করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানি নিষ্কাশন এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে জোর তাগিদ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।