
যুক্তরাজ্যের রাজপরিবারে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন। সম্প্রতি এক লালগালিচা অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং অনন্য ফ্যাশন-সচেতনতা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কেটের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার তুলনা করা হচ্ছে রাজপরিবারের প্রয়াত ও বহুল চর্চিত ব্যক্তিত্ব প্রিন্সেস ডায়ানার সঙ্গে।
রাজপরিবার বিষয়ক প্রখ্যাত বিশ্লেষক ও ভাষ্যকার রিচার্ড জবসন হ্যালো ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রিন্সেস ডায়ানার পর ব্রিটিশ রাজপরিবারে কেটের মতোই প্রভাবশালী ও দৃষ্টিনন্দন জনবান্ধব উপস্থিতি খুব কমই দেখা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত একটি বিশেষ লালগালিচা অনুষ্ঠানে কেট মিডলটনকে প্রয়াত প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত ঐতিহ্যবাহী কিছু গয়না পরে হাজির হতে দেখা যায়।
জবসনের মতে, “তিনি ডায়ানার গয়নায় সজ্জিত হয়ে সেখানে এসেছিলেন। তাকে অসাধারণ দেখাচ্ছিল—যেন স্বয়ং লালগালিচার রানি। ডায়ানার পর রাজপরিবারের আর কোনো সদস্যকে কেন্দ্র করে এমন উন্মাদনা ও দৃশ্যমানতা দেখা যায়নি।”
ফ্যাশনকে কীভাবে নিজের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করতে হয়, কেট তা খুব ভালোভাবেই আয়ত্ত করেছেন বলে মনে করেন এই বিশ্লেষক। তিনি বলেন, “তিনি শুধু আকর্ষণীয় পোশাক পরতেই জানেন না, পোশাকের মাধ্যমে কীভাবে একটি নীরব কিন্তু স্পষ্ট বার্তা পৌঁছে দিতে হয়, তা-ও তিনি ভালোভাবে বোঝেন।”
সামগ্রিকভাবে ব্রিটিশ রাজপরিবার যখন নানা জটিলতা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কেটের স্থিতিশীল ও মার্জিত উপস্থিতি সিংহাসনের ভাবমূর্তি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জবসন যোগ করেন, “গ্ল্যামার বা রাজকীয় দ্যুতি একজন রাজকুমারীর ভূমিকারই অবিচ্ছেদ্য অংশ। রাজপরিবারের এই কঠিন সময়ে তার উপস্থিতি এক অনন্য শক্তি। তিনি সত্যিই রাজমুকুটের একটি রত্ন। তিনি এখন এই ভূমিকাটি কেবল রাজকীয় দায়িত্ব হিসেবে পালন করছেন না, বরং নিজের মতো করে স্বতঃস্ফূর্তভাবে ধারণ করছেন।”
রাজপরিবারের ভেতরের বিভিন্ন অহেতুক বিতর্ক বা আলোচনায় কান না দিয়ে কেট মিডলটন বরং নিজের পারিবারিক স্থিতিশীলতার দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন।
“ক্যাথরিন মূলত তার স্বামী ও সন্তানদের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তুলতে চান,” উল্লেখ করেন রাজপরিবার বিষয়ক এই ভাষ্যকার।
উল্লেখ্য, প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের সহধর্মিণী। এই রাজকীয় দম্পতির প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুই নামে তিন সন্তান রয়েছে।
(সূত্র: সামা টিভি)