
চলতি সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনেই দেশে বৈধপথে ২৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ২ দশমিক ৭ শতাংশ বেশি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫৩ কোটি ২০ লাখ ডলারে।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট ৮৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।
ব্যাংক-সংশ্লিষ্টদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া এবং প্রবাসীদের আস্থা বাড়ায় বৈদেশিক মুদ্রার প্রবাহে গতি এসেছে। ধারাবাহিক এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।