নিউজ প্রোভাইডারঃ
ময়মনসিংহে ২০২০ সালে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয় আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা মো. মারুফ (২৭) এবং স্বাধীন (২৬)।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা জীবিকার তাগিদে কাজের উদ্দেশ্যে বাইরে যান। বিকেল ৩টার দিকে সুযোগ বুঝে মারুফ ও স্বাধীন বসতঘরে প্রবেশ করে ওই ছাত্রীকে জোরপূর্বক গণধর্ষণ করে পালিয়ে যায়।
পরবর্তীতে সন্ধ্যায় মা ঘরে ফিরলে ভুক্তভোগী শিশুটি পুরো ঘটনাটি খুলে বলে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করে। প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন।