
অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হতে পারে, যার একটি নিম্নচাপ থেকে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে। আবহাওয়া অধিদপ্তর তাদের এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই সতর্কবার্তা দিয়েছে।
একই সঙ্গে মাসের প্রথম পক্ষেই দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিতে পারে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
পূর্বাভাস অনুযায়ী, চলতি অক্টোবর মাসে দেশে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে মাসের মধ্যে অন্তত ৩ থেকে ৪ দিন বজঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, অক্টোবরের দ্বিতীয়ার্ধ বা শেষভাগে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে সামগ্রিকভাবে পুরো মাসজুড়েই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকার সম্ভাবনাই বেশি। তবে কোনো স্থানে হঠাৎ ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় নদ-নদীর পানি সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, বঙ্গোপসাগরে চলতি মাসে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার একটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।