
সৌদির মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই হামলার পেছনে হুথিদের দায়ী করলেও গোষ্ঠীটি একে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার মদিনার ওই বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়নি।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা ড্রোনের ধ্বংসাবশেষ ও প্রাথমিক তদন্ত পর্যালোচনা করে তারা নিশ্চিত হয়েছেন যে হামলাটি হুথিরাই চালিয়েছে। জোটের দাবি, মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং মুসলিম বিশ্বের অনুভূতিকে উসকে দেওয়ার ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
তবে হুথি পরিচালিত বার্তা সংস্থা 'সাবা'-কে দেয়া এক সাক্ষাৎকারে গোষ্ঠীটির এক সামরিক কর্মকর্তা এই অভিযোগ উড়িয়ে দেন। তিনি বলেন, এর আগে মক্কায় হামলার বিষয়েও সৌদি আরব কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ হাজির করতে পারেনি। আগের সেই ব্যর্থতা আড়াল করতেই এখন মদিনায় হামলার নতুন অভিযোগ তোলা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ১৫ সেপ্টেম্বর মক্কার দক্ষিণাঞ্চলে একটি ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করে সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। সে সময় ড্রোনটি আকাশে ধ্বংস করে দেয়া হয়। তবে সেই হামলার দায়ও অস্বীকার করেছিল হুথি।
এদিকে সৌদি জোট আরও জানিয়েছে, সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইত ও জাজান লক্ষ্য করে হুথিদের ছোড়া একাধিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে।
সীমান্তে এই টানাপোড়েনের মধ্যেই ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের ক্ষয়ক্ষতিপূর্ণ সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সূত্র: আলজাজিরা