
চলতি বছরের অক্টোবরের প্রথম তিন দিনে দেশে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে অক্টোবরের শুরুতেই প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার।
সে হিসাবে, চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১১৫ কোটি ৫০ লাখ ডলার, যা শতাংশের হিসাবে ১৫ দশমিক ১০ শতাংশ।
রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।