![]()
স্পেনীয় নারী ফুটবল লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা। রোববার সন্ধ্যায় স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে একা চার গোল করে জয়ের মূল নায়ক ছিলেন ক্লাউদিয়া পিনা।
সাম্প্রতিক বিশ্ব ফুটবলে যেন ‘সাত’ গোলের বন্যা বইছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের সাত গোল কিংবা বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার সাত গোলের ধারাবাহিকতায় এবার যুক্ত হলো বার্সেলোনার নারী দল।
এল ক্লাসিকোর ইতিহাসে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানের জয়। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করলো বার্সা। অন্যদিকে, সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে রইলো রিয়াল মাদ্রিদ।
ম্যাচজুড়ে একচ্ছত্র আধিপত্য
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে তাদের নিজেদের অর্ধে চেপে ধরে খেলার কৌশল নেয় বার্সেলোনা। উচ্চমাত্রার প্রেসিং এবং নিখুঁত পাসিংয়ের প্রদর্শনীতে ম্যাচের মাত্র চার মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। রিয়াল রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের চমৎকার শটে প্রথম গোলটি করেন ক্লাউদিয়া পিনা।
এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও রিয়ালের আক্রমণভাগের দুই প্রধান ভরসা—শ্রোডার ও লিন্ডা কাইসেদো পুরো ম্যাচজুড়েই নিজেদের ছায়া হয়ে ছিলেন। উল্টো পাল্টা আক্রমণে রিয়ালকে কোণঠাসা করে ফেলে বার্সা।
-
পিনার হ্যাটট্রিক ও চতুর্থ গোল: বাইয়োরের ফিরতি শট থেকে দলের দ্বিতীয় গোলটি করার পর, গিহারোর সাথে চমত্কার ওয়ান-টু পাসে নিজের হ্যাটট্রিক পূরণ করেন পিনা। প্রথমার্ধের শেষদিকে বাইয়োরের বানিয়ে দেওয়া বলে চতুর টাচে রিয়াল ডিফেন্ডারদের পরাস্ত করে ম্যাচে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন এই ফরোয়ার্ড।
-
অন্যান্য গোলদাতারা: দলের চতুর্থ গোলটি আসে গ্রাহামের পা থেকে। দ্বিতীয়ার্ধের শুরুতেও বার্সার আক্রমণের ধার কমেনি। গ্রাহামের বাড়িয়ে দেওয়া বলে ম্যাচের ষষ্ঠ গোলটি করেন বাইয়োর। এরপর বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে সপ্তম ও শেষ গোলটি করেন শের্টেনলাইব।
রিয়ালের গোলরক্ষক ফ্রোমস ও ডিফেন্ডার ক্রিস্তোবাল বেশ কয়েকটি প্রতিরোধ না গড়লে পরাজয়ের ব্যবধান আরও বাড়তে পারতো।
পরবর্তী লক্ষ্য
আগামী ১৮ অক্টোবর লিগের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সে দিন বার্সেলোনা ঘরের মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে, আর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এস্পানিওলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
