
লন্ডনের ফুটবল ক্লাব আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন প্রধান কোচ মিকেল আর্তেতা। নতুন এই চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত এমিরেটস স্টেডিয়ামে গানারদের দায়িত্ব সামলাবেন ৪৪ বছর বয়সি এই স্প্যানিশ কৌশলবিদ।
চলতি মৌসুম শেষেই আর্তেতার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন এই চুক্তির মাধ্যমে উত্তর লন্ডনের ক্লাবে আর্তেতার কোচিং ক্যারিয়ার এক দশকের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।
নতুন চুক্তিতে এই স্প্যানিশ কোচের পারিশ্রমিক ও বোনাস কাঠামোতেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগামী মৌসুম থেকে আর্তেতা আগের চেয়ে বছরে ১০ মিলিয়ন পাউন্ড বেশি বেতন পাবেন। পাশাপাশি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে যুক্ত হচ্ছে আরও ৫ মিলিয়ন পাউন্ডের বোনাস সুযোগ।
চুক্তি স্বাক্ষর শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আর্তেতা জানান, ক্লাবটির বিশেষ সংস্কৃতি ও সমর্থকদের আবেগ তাকে সবসময় অনুপ্রাণিত করে।
তিনি বলেন, "আর্সেনালের সাফল্যের মূল পথচলা কেবল শুরু হয়েছে। ক্লাবের সঙ্গে আমার এই বন্ধন এবং দারুণ সব স্মৃতি সারাজীবন মনে রাখার মতো। ভবিষ্যতে ক্লাবটিকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী।"
২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নেন মিকেল আর্তেতা। তার মেয়াদে এখন পর্যন্ত একটি প্রিমিয়ার লিগ এবং একটি এফএ কাপের ট্রফি জিতেছে ক্লাুটি। এছাড়া গত মে মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় গানারদের।