
বাগেরহাটের চিতলমারীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুণী এলাকার হকক্যানেল নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ।
গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া দৃষ্টিনন্দন নৌকাগুলো নদীর ঘোলা-দলুয়াগুণী ও বড়গুণী অংশে ছুটে চলে। মাঝিমাল্লাদের ছন্দময় বৈঠার টান, বাদ্যের তালে তালে নৌকা চালানো এবং ঐতিহ্যবাহী সারি গান দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
নৌকাবাইচ চলাকালে নদীর দুই পাড় থেকে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। স্থানীয় ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বড়গুণী যুবসংঘের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এসএম হুমায়ুন কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নোয়াব আলী, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নাসির উদ্দিন শেখ, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবলু শেখ, বিএনপি নেতা মাহমুদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতা শেষে নৈপুণ্য প্রদর্শনের জন্য ঘোলা এক্সপ্রেস প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে কলিগাতী এক্সপ্রেস।
স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নৌকাবাইচটি পরিণত হয় গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত আয়োজনে।