
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন তৎকালীন গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মো. মনিরুজ্জামান। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে সাক্ষ্য দেন মনিরুজ্জামান। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষ হলে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২০২৭ সালের ১১ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের রাজধানীর ইকবাল রোডের বাসায় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়। এতে ড. কামাল হোসেনসহ কয়েকজন অংশ নেন।
ওই রাতে নৈশভোজের আড়ালে সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর বাড়িটিতে হামলার ঘটনা ঘটে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় বার্নিকাটের গাড়িবহর লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অন্যদিকে, ড. বদিউল আলম মজুমদারের বাসায় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি জানালার কাচ ভাঙচুরের অভিযোগ আনা হয়।
ঘটনার পর ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর মামলাটিতে সম্পূরক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা। এতে ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ মোট ৯ জনকে আসামি করা হয়। একই বছরের ১৯ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার আসামিরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।
মামলাটিতে সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে। পরবর্তী শুনানিতে ২০২৭ সালের ১১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।