
ঢাকার মগবাজারের পেয়ারাবাগ অংশে দীর্ঘ সাত বছর ধরে বন্ধ থাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং এর নিচে চার লেনের রেলপথ উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার আইনি বাধা দূর হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের এক আদেশে এই বাধা দূর হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল জানান, আদালত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, মগবাজারের পেয়ারাবাগ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচে চার লেনবিশিষ্ট রেললাইনের নির্মাণকাজ চলমান থাকবে।
তিনি বলেন, আদালতের এই আদেশের ফলে প্রকল্পটির উন্নয়নকাজ পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধা আর থাকছে না।
মামলাটির শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। অপর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নুরুল আমিন।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই অংশের নির্মাণ ও উন্নয়নকাজ পুনরায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আদালতের আদেশকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে প্রকল্পের কাজ কবে নাগাদ পুরোদমে শুরু হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।