
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড ভাঙার ঘটনা ঘটেছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের কৃষক রন ওয়ালেসের ফলানো একটি বিশালাকার কুমড়ার ওজন দাঁড়িয়েছে ১ হাজার ৪৩১ দশমিক ৫ কেজি। এর মধ্য দিয়ে আগের বিশ্বরেকর্ড ছাড়িয়ে গেছে কুমড়াটি।
গত ১০ অক্টোবর রোড আইল্যান্ডের ওয়ারেন এলাকার ফ্রেরিখস ফার্মে আয়োজিত ‘সাউদার্ন নিউ ইংল্যান্ড জায়ান্ট পাম্পকিন ওয়েই-অফ’ প্রতিযোগিতায় কুমড়াটির ওজন নির্ধারণ করা হয়। এর ওজন ৩ হাজার ১৫৬ পাউন্ডের বেশি।
এর মাত্র সাত দিন আগে, ৩ অক্টোবর যুক্তরাজ্যের বার্কশায়ারে এক প্রতিযোগিতায় নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন কৃষক ইয়ান প্যাটন। তাঁর ফলানো কুমড়াটির ওজন ছিল ১ হাজার ২৯৫ দশমিক ৮ কেজি। তবে রন ওয়ালেসের কুমড়াটি সেই রেকর্ডের চেয়ে প্রায় ১৩৬ কেজি বেশি ভারী।
সাধারণত বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড ভাঙতে কয়েক বছর লেগে যায়। কিন্তু এবার মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুবার রেকর্ড বদলে যাওয়ার ঘটনা ঘটল।
৬০ বছর বয়সী রন ওয়ালেস দীর্ঘদিন ধরে কুমড়াসহ বিভিন্ন উদ্ভিদ চাষ করছেন। পাশাপাশি তিনি বাগান করার সরঞ্জাম বিক্রির একটি অনলাইন ব্যবসাও পরিচালনা করেন। নিজের উদ্যানতাত্ত্বিক জীবনে এবার নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলানোর কৃতিত্ব অর্জন করলেন তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ওয়ালেস জানান, এ বছরই প্রথম তিনি গ্রিনহাউসে কুমড়া চাষ করেছেন। মৌসুমের বেশির ভাগ সময় আবহাওয়া অনুকূলে থাকায় কুমড়াটি প্রত্যাশার চেয়েও বড় হয়েছে।
ওজন নির্ধারণের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ একটি মৌসুমের পর কুমড়াটির ওজন দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তবে প্রতিযোগিতার সময় ক্লান্তিতে প্রায় ভেঙে পড়েছিলেন বলেও জানান তিনি।
কুমড়াটির বিশাল আকার শুধু ওজনের রেকর্ডের কারণেই নয়, এর ব্যবহারিক সম্ভাবনার কারণেও আলোচনায় এসেছে। এটি দিয়ে তিন হাজারেরও বেশি পাই তৈরি করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে।
প্রতিযোগিতার প্রধান বিচারক ম্যাথিউ ডিবাকো বলেন, একজন অভিজ্ঞ উদ্যানতত্ত্ববিদের যত্ন ও পরিচর্যায় প্রকৃতি কতটা বিস্ময়কর সৃষ্টি করতে পারে, এই কুমড়া তারই উদাহরণ।
কুমড়াটির ওজন নিশ্চিত করার আগে গ্রেট পাম্পকিন কমনওয়েলথের কর্মকর্তারা প্রয়োজনীয় যাচাই-বাছাই করেন। এরপরই সেটির ওজন মাপার অনুমতি দেওয়া হয়।
এর আগে বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ডটি ছিল বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলেমাইনসের দখলে। ২০১৬ সালের ৯ অক্টোবর তাঁর ফলানো ১ হাজার ১৯০ দশমিক ৪৯ কেজি ওজনের কুমড়াটি বিশ্বরেকর্ড গড়েছিল।
২০২১ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় পাঁচ বছর সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল। পরে বিভিন্ন দেশে বড় আকারের কুমড়া চাষে প্রতিযোগিতা বাড়তে থাকে। সাম্প্রতিক সময়ে একের পর এক নতুন রেকর্ড সেই প্রতিযোগিতাকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
এবার মাত্র এক সপ্তাহে দুবার রেকর্ড বদলে যাওয়ার ঘটনায় বিশালাকার কুমড়া চাষের জগতে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস