
ফেসবুক খুললেই সামনে আসছে অপ্রাসঙ্গিক পোস্ট কিংবা অপছন্দের ভিডিও? এবার নিজের আগ্রহের বিষয়গুলো জানিয়ে ফেসবুকের ফিড ও রিলসে কী ধরনের কনটেন্ট দেখতে চান, তা নিয়ন্ত্রণের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এ জন্য ‘ইয়োর অ্যালগরিদম’ নামে নতুন একটি সুবিধা চালু করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের বিষয়গুলো নির্দিষ্ট করে দিতে পারবেন। একই সঙ্গে কোন ধরনের পোস্ট বা ভিডিও কম দেখতে চান, সেটিও জানানো যাবে। ব্যবহারকারীর দেওয়া মতামতের ভিত্তিতে পরবর্তী সময়ে ফেসবুকের কনটেন্ট সুপারিশে পরিবর্তন আসবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সুবিধাটির মাধ্যমে ফেসবুকের ফিড ও রিলসে প্রদর্শিত কনটেন্টের ধরন সম্পর্কে নিজের পছন্দ জানাতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, কোন বিষয়ে বেশি আগ্রহী এবং কোন ধরনের কনটেন্ট দেখতে চান না, তা সরাসরি ফেসবুককে জানানোর সুযোগ থাকবে।
এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। ব্যবহারকারীর আগ্রহ, প্রতিক্রিয়া ও পছন্দ বিশ্লেষণ করে তাঁদের সামনে কী ধরনের পোস্ট বা ভিডিও সুপারিশ করা হবে, তা নির্ধারণে সহায়তা করবে এই প্রযুক্তি।
ফিচারটি ব্যবহার করতে প্রথমে ফেসবুক অ্যাপ খুলে ফিড অথবা রিলসে যেতে হবে। এরপর পছন্দের কোনো পোস্টের পাশে থাকা তিনটি ডট চিহ্নে চাপ দিতে হবে। সেখানে ‘ইয়োর অ্যালগরিদম’ অপশনটি দেখা গেলে সেটিতে প্রবেশ করে নিজের আগ্রহের বিষয়গুলো যোগ বা পরিবর্তন করা যাবে।
এ ছাড়া ফেসবুকে থাকা ‘ইন্টারেস্টেড’ ও ‘নট ইন্টারেস্টেড’ অপশন ব্যবহার করেও কনটেন্ট সম্পর্কে নিজের পছন্দ জানানো সম্ভব।
কোনো পোস্ট বা ভিডিও ভালো লাগলে ‘ইন্টারেস্টেড’ নির্বাচন করা যাবে। এতে একই ধরনের কনটেন্ট বেশি দেখানোর জন্য ফেসবুককে ইতিবাচক সংকেত দেওয়া হবে। অন্যদিকে, কোনো কনটেন্ট অপছন্দ হলে ‘নট ইন্টারেস্টেড’ নির্বাচন করলে ওই ধরনের পোস্ট বা ভিডিও কম দেখানোর সংকেত দেওয়া যাবে।
মেটার তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর মতামতের ভিত্তিতে ফিড ও রিলসে কনটেন্ট সুপারিশের ধরন পরিবর্তন করা সম্ভব হবে। এ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি বড় ভাষা মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।
এই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীর লেখা থেকে তাঁর আগ্রহ সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব হবে। ফলে ব্যবহারকারীর পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট সামনে আনার ক্ষেত্রে ফেসবুক আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
তবে নতুন সুবিধাটি সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে একই সময়ে চালু নাও হতে পারে। কোন কোন দেশে প্রথম পর্যায়ে ফিচারটি চালু করা হচ্ছে, সে বিষয়ে মেটার ঘোষণায় নির্দিষ্ট তালিকা দেওয়া হয়নি।