![]()
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে পার্বত্য চট্টগ্রামের দুই আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে সাজেকের কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। থেমে থেমে চলা এ সংঘর্ষের কারণে আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই শনিবার দুপুরে দুই পক্ষের সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সংঘর্ষে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, দুপুর ১টার দিকে কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি শুরু হয়। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে গোলাগুলির ঘটনার পর থেকে আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
