![]()
প্রেমের সম্পর্ক থেকে বিয়ে। এরপর পারিবারিক বিরোধের জেরে বিচ্ছেদ। বিচ্ছেদের মাত্র ২০ থেকে ২৫ দিনের মাথায় ৯ ঘণ্টার ব্যবধানে পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জ ও গাজীপুরের শ্রীপুরে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের আটবাড়ি গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে মো. সাকিব মিয়া (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে মারা যান তার সাবেক স্ত্রী মুক্তা আক্তার (১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব মিয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আটবাড়ি গ্রামের সুনো মিয়ার ছেলে। বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি গাজীপুরের শ্রীপুরে কর্মরত তার মামাতো বোন মুক্তা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরে তারা বিয়ে করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর সাকিবের অপর স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ দেখা দেয়। এর জেরে প্রায় ২৫ দিন আগে মুক্তাকে তালাক দেন সাকিব। এরপর সোমবার সন্ধ্যায় মুক্তা আক্তারের মৃত্যুর খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মুক্তার মৃত্যুর খবর মোহনগঞ্জে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে মঙ্গলবার সকালে সাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে মুক্তার বাবা বাবুল মিয়া শ্রীপুর থানা-পুলিশকে না জানিয়েই মেয়ের মরদেহ ফাগুয়া গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে দাফনের প্রস্তুতিকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আওয়াল বলেন, দুজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পাওয়া আলামত দেখে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
