![]()
শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের মধ্যে দেশের তিনটি শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় মোট ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এসব এলাকায় বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় মোতায়েন করা হয়েছে ১৩ প্লাটুন।
এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবির ছয় প্লাটুন সদস্য।
বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাও এই নিরাপত্তা কার্যক্রমের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে বাহিনীটি।
শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিক, কারখানা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারত্ব ও সংযমের সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বিজিবি।
