![]()
চীন সফরের তৃতীয় দিনে দেশটির প্রেসিডেন্ট Xi Jinping-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বিশাল বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দেশের মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। খবর রয়টার্সের।
শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য ভারসাম্য উন্নয়নে চীন বাংলাদেশি পণ্যের আমদানিতে বিশেষ সুবিধা দিতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা চীনকে বাংলাদেশ থেকে তাজা আম, কাঁঠাল, পেয়ারা, জলজ পণ্য, কাঁচা চামড়া, পাটজাত পণ্য এবং ওষুধ সামগ্রী আমদানির বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’
গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বেইজিং সফর। গত বুধবার (২৪ জুন) শুরু হওয়া তিন দিনের এ রাষ্ট্রীয় সফরের মাধ্যমে বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার ও উন্নয়ন সহযোগী চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বার্তা দিচ্ছে ঢাকা।
বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বিদ্যমান শিল্পকারখানার আধুনিকীকরণ এবং বিভিন্ন সিগনেচার বা মেগা প্রকল্প বাস্তবায়নে বেইজিংয়ের আর্থিক ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
উল্লেখ্য, বাংলাদেশ ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে চীনের অবকাঠামোভিত্তিক বৈশ্বিক উদ্যোগ Belt and Road Initiative (বিআরআই)-এ যোগ দেয়। এই উদ্যোগের আওতায় বাংলাদেশে একাধিক অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং নতুন বিনিয়োগ ও সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হচ্ছে।
