![]()
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ইন-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার মারাত্মক অবনতির প্রেক্ষাপটে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার আকুল আবেদন জানিয়ে দেশের উচ্চ আদালতের প্রধান বিচারপতিদের বরাবর একটি খোলা চিঠি দিয়েছেন। এই চিঠিতে তিনি নিজের এবং তার স্ত্রীর অবর্ণনীয় শারীরিক কষ্ট, চিকিৎসা প্রাপ্তিতে সীমাহীন বঞ্চনা এবং বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা ও পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে এক গভীর হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। খবর দ্য ডন।
জানা গেছে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে এই চিঠিটি প্রকাশ করেছেন তার অন্যতম প্রধান আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার। তিনি গত ২ ও ১১ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ইমরান খানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। সাক্ষাতের ধারাবাহিকতায় ১১ নভেম্বরের বৈঠকের বিবরণ দিয়ে ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই চিঠিটি জনসমক্ষে নিয়ে আসেন।
চিঠির নিচে ব্যারিস্টার সালমানের নিজস্ব স্বাক্ষর রয়েছে, যেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে তিনি কোনো ব্যক্তিগত বা বাহ্যিক মতামত যোগ করেননি, বরং তার মক্কেল ইমরান খানের স্পষ্ট নির্দেশ ও একনিষ্ঠ নির্দেশনা মেনেই অবিকল এই বার্তা বিচারকমণ্ডলীর দরবারে পৌঁছে দিয়েছেন। এর পরের প্রতিটি শব্দ ও আকুতি সম্পূর্ণভাবে কারাবন্দী ইমরান খানের নিজস্ব মনের কথা এবং তার প্রত্যক্ষ অনুভূতির বহিঃপ্রকাশ।
চিঠিটি পাঠানো হয়েছে দেশটির ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট (এফসিসি), সুপ্রিম কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ উদ্দেশ্যে।
শারীরিক অবস্থার অবনতি ও চিকিৎসার অধিকারের আকুতি জানিয়ে লেখা খোলা চিঠির মূল বিষয়বস্তু জুড়ে রয়েছে কারাবন্দী দম্পতির মারাত্মক ও আশঙ্কাজনক স্বাস্থ্যগত ঝুঁকি।
