![]()
২০২৬ ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সেই আসরের পর পাঁচ বছর বিরতি দিয়ে আবারও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার ছেলেদের নয়, নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকছে দেশটি।
২০৩১ বিশ্বকাপ হবে চার দেশে
যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ। ফিফার বিশেষ কংগ্রেসে চার দেশের যৌথ আয়োজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
একই ভার্চুয়াল সভায় ২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজকও নির্ধারণ করা হয়। ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট।
৬৯ বছর পর ইংল্যান্ডে ফিরছে বিশ্বকাপ
২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের মাধ্যমে ৬৯ বছর পর ইংল্যান্ডে ফিরবে ফুটবল বিশ্বকাপ। এর আগে ১৯৬৬ সালে ছেলেদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। এরপর আর দেশটিতে বিশ্বকাপের আসর বসেনি।
২০৩৫ বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাজ্যের চার দেশের যৌথ প্রস্তাবকে ৫-এর মধ্যে ৪ দশমিক ৩ রেটিং দিয়েছে ফিফা। ‘অল টুগেদার’ পরিকল্পনায় ওয়েম্বলি, ওল্ড ট্র্যাফোর্ড ও হ্যাম্পডেন পার্কের মতো পরিচিত স্টেডিয়াম রাখা হয়েছে।
৪৮ দলের এই টুর্নামেন্ট ৩৯ দিন ধরে চলবে। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ফিফা।
২০২৭ নারী বিশ্বকাপ ব্রাজিলে
আগামী ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। আগামী বছরের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ২০২৬ সালের ১১ ডিসেম্বর রিও ডি জেনিরোতে প্রকাশ করা হবে টুর্নামেন্টের সূচি।
সবশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সেবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করেছিল।
ছেলেদের ফুটবল বিশ্বকাপেও বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। গত ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে দলটি।
