![]()
নিউজ প্রোভাইডার
রাজধানীর শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি সেখানে সংরক্ষিত গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নিদর্শন, গুরুত্বপূর্ণ দলিলপত্র, স্মৃতিচিহ্ন ও দুর্লভ আলোকচিত্রসমূহ পরিদর্শন করেন।
এর আগে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাদুঘর উদ্বোধনের বিস্তারিত তথ্য প্রকাশ করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের প্রদর্শনী ও পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এক অবিস্মরণীয় মাইলফলক। এই ঐতিহাসিক সংগ্রামের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা এবং বীর শহীদ ও জুলাই যোদ্ধাদের মহান আত্মত্যাগকে অমর করে রাখতেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য তুলে ধরেন আন্দোলনের জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাঁদের বীরত্বগাথা ও আত্মত্যাগের কথা স্মরণ করে অনুষ্ঠানে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।
এছাড়া, গণঅভ্যুত্থানের মূল ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং চূড়ান্ত বিজয়ের ইতিহাস সংবলিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
